নিজস্ব
প্রতিনিধি: কলকাতা, ২০শে নভেম্বর- সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য
কমিটির সম্পাদক ও পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা সূর্য মিশ্রের ওপর আক্রমণের
তীব্র নিন্দা করেছেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ইয়েচুরি এই প্রসঙ্গে
বলেন, পশ্চিমবঙ্গে হিংসা, সন্ত্রাস ও মিথ্যাচারের রাজনীতি কায়েম করেছে তৃণমূল। এই
রাজনীতি ওরা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ ওদের এই জঘন্য রাজনীতি কখনই মেনে নেবেন
না।
প্রসঙ্গত, ১১৩টি গণসংগঠনের
যৌথমঞ্চ বি পি এম ও-এর ডাকে ১৫ দফা দাবিতে রাজ্যের সমস্ত বুথে যে জাঠা কর্মসূচী
চলছে, তারই অঙ্গ হিসেবে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের নারমা থেকে
শুরু হওয়া জাঠায় অংশ নেন সূর্য মিশ্র। জাঠার মাঝপথে আচমকা হামলা করে একদল তৃণমূল
দুষ্কৃতী। জাঠায় অংশ নেওয়া অসংখ্য মানুষ ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধে
দুষ্কৃতীরা পিছু হঠে। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের সর্বত্র এদিন মিছিল, সভা
প্রভৃতিতে স্বতঃস্ফুর্তভাবে রাস্তায় নামেন মানুষ। জাঠার মিছিল পরিণত হয় তৃণমূলের
হিংসা ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের মিছিলে। বিভিন্ন রাজনৈতিক দল ও
ব্যক্তিও এই আক্রমণের নিন্দা করেন। বিরোধী দলনেতার ওপর এই হামলার প্রতিবাদে এদিন
বিকালে মৌলালীতে ছাত্র-যুবরা কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন
সূর্যকান্ত মিশ্রের ওপর আক্রমণের নিন্দা করে বলেছেন, মানুষের জীবনের জ্বলন্ত
সমস্যা নিয়ে ১১৩টি গণসংগঠনের উদ্যোগে রাজ্যের সর্বত্র জাঠা হচ্ছে। তৃণমূল চায় না
মানুষের সমস্যা নিয়ে আন্দোলন হোকা। তাই ওরা হামলা করছে। শুধু নারায়ণগড়েই নয়,
রাজ্যের অন্যান্য জায়গাতেও জাঠার ওপর আক্রমণ করেছে তৃণমূল। এই ন্যক্কারজনক হামলার
তীব্র নিন্দা করছি। এদিন রায়গঞ্জে সি পি আই (এম) পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম
সাংবাদিকদের বলেন, রাজ্যের সমস্ত বুথে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে জাঠার বার্তা।
তাতে মানুষের যে অভূতপূর্ব সাড়া মিলছে, তাতে ভয় পেয়েছে তৃণমূল। তাই ওরা আক্রমণ
করছে। কিন্তু মানুষ প্রতিরোধে নামছেন। এদিন রায়গঞ্জে একটি প্রতিবাদ মিছিলে অংশ নেন
সেলিম এবং পরে সেখানে বক্তব্য রাখেন।
সি পি আই রাজ্য পরিষদের সম্পাদক
প্রবোধ পান্ডা এই হামলার প্রতিবাদ করে বলেছেন, রাজ্যের শাসকদল যে গণতন্ত্র হত্যার
কাজকে বজায় রেখেছে, নারায়ণগড়ের আক্রমণের ঘটনা তা আরেকবার প্রমাণ করলো। পূর্বঘোষণা
সত্ত্বেও পুলিশ বিরোধী দলনেতার জন্য যথেষ্ঠ নিরাপত্তার ব্যবস্থা করেনি। লক্ষ্যণীয়
যে আক্রমণ সত্ত্বেও মিছিলের গতিকে স্তব্ধ করা যায়নি। বরং তার আকার ক্রমশ বড় হয়েছে।
পান্ডা এদিন বলেন, পরিস্থিতি দাবি করে যে দুবৃত্তকারীদের কাছে মাথা নত করে নয়,
মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আরও ব্যাপক গণআন্দোলন গড়ে তোলা জরুরী।
এস ইউ সি আই (সি)-র রাজ্য
সম্পাদক সৌমেন বসু এই আক্রমণের তীব্র নিন্দা করে বলেন, বিরোধী দলের ওপর হামলা করে
গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের এই হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় রাজ্যবাসীকে
সোচ্চার হওয়ার আবেদন জানাচ্ছি।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা
সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী অঞ্জু কর ও সম্পাদিকা মিনতি ঘোষ এই
হামলার তীব্র নিন্দা করেছেন। নেত্রীবৃন্দ বলেন, প্রতিবাদী জাঠা মিছিল যতই দীর্ঘতর
হচ্ছে, ততই গণতন্ত্র ধ্বংসকারী শক্তি মিছিলে আক্রমণ করছে। মা-বোনেরাও রেহাই
পাচ্ছেন না। সর্বত্র এর প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
GANASHAKTI, 21st NOVEMBER, 2015
No comments:
Post a Comment